পার্বতীপুরে বিশ্ব আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত র‍্যালি, আলোচনা সভা ও আদিবাসী অধিকার প্রতিষ্ঠার আহ্বান

দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকালে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি ও স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে উপজেলা প্রশাসন, পার্বতীপুর, গ্রাম বিকাশ কেন্দ্র (GBK) এবং LAMB।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “আদিবাসী ধাত্রীদের সম্মাননা: জীবন ও কল্যাণ সুরক্ষা” (Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being)।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের পাহাড়ি ও সমতলের আদিবাসী জনগোষ্ঠী এখনও নানা সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের ভূমির অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, বিশ্বের বহু দেশে আদিবাসীদের প্রথাগত ভূমির অধিকার, সংস্কৃতি ও শাসনব্যবস্থার স্বীকৃতি দেওয়া হলেও বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি এখনো অমীমাংসিত। অথচ দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
আলোচনায় জাতিসংঘ কর্তৃক ১৯৯৪ সালে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণার ইতিহাস তুলে ধরা হয়। উল্লেখ করা হয়, ১৯৯৫ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন