
পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে যৌথ সমন্বয় সভা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিএসপি) ঢাকা মহানগর শাখা।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর দৈনিক বাংলার মোড় এলাকার হোয়াং কিচেন চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
পিসিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য শেখ আহমেদ রাজুর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন পিসিএসপি ঢাকা মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলাদেশ শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পিসিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মো. ফয়েজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পিসিএসপির কেন্দ্রীয় সভাপতি শাহাদৎ হোসেন কায়েশ।
প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, পার্বত্য অঞ্চলের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাহাড়ের বিদ্যমান সমস্যা ও সংকট সরকারের মন্ত্রী এবং নীতিনির্ধারকদের কাছে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে স্মারকলিপি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় ঢাকায় অবস্থানরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের পাহাড়ের পরিস্থিতি নিয়ে আরও বেশি পড়াশোনা ও গবেষণার আহ্বান জানান ফয়েজ উদ্দিন আহমেদ। শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে পার্বত্য অঞ্চলের সংকট সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের শান্তিপ্রিয় মানুষের অধিকার আদায়ের প্রচেষ্টায় তিনি সবসময় তাঁদের পাশে থাকবেন।
সভায় অন্যান্য বক্তারা পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক পরিস্থিতি, আঞ্চলিক শান্তি ও সম্প্রীতি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নাগরিক ও ছাত্রসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে পিসিএনপি ও পিসিএসপির ঢাকা মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন পিসিএনপি ঢাকা মহানগর শাখার সাবেক প্রচার সম্পাদক সামসুদ্দিন, পিসিএসপি ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি ইব্রাহিম খলিল অপি, সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট আল আমিন শিমুল, পিসিএসপি ঢাকা মহানগর শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মিজান উদ্দিন, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক সাহাদাৎসহ সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





