
‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
দিবসের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সংগঠনের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
পরে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং বেকারত্বসহ যুবসমাজের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে সফল আত্মকর্মী ও যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা পর্যায়ের যুব মেলার উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধন শেষে তাঁরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।





