
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে পিরোজপুর জেলায় মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় তথ্যসংগ্রহকারীদের মধ্যে এ পর্যন্ত ৩৭২টি ট্যাব বিতরণ করা হয়েছে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলা ও পৌরসভায় বিতরণ করা হয়েছে ৭৬টি ট্যাব।
মঙ্গলবার (৩ নভেম্বর) পিরোজপুর শহর সমাজসেবা কার্যালয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, পিরোজপুর সদরের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
প্রশিক্ষণে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার অন্যান্য উপজেলাতেও তথ্যসংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে। এসব ডিভাইস ব্যবহার করে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, সরকারি নির্দেশনা ও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুসরণ করে নির্ভুল তথ্যসংগ্রহ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি দায়িত্ব পালনে দক্ষতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ ভালো পারফরম্যান্স প্রদর্শনকারী তথ্যসংগ্রহকারীদের বিশেষভাবে মূল্যায়নের কথাও উল্লেখ করেন।




