পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

“পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এই কর্মসূচি শুরু হয়।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক আলোচনা সভা,র‍্যালি,সঠিক খাদ্যাভ্যাস প্রদর্শনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন।
অনুষ্ঠানের স্বাস্থ্য পরিদর্শক সমীরন বড়ুয়ার সঞ্চালনায় ডা: উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ সোলায়মান, মেডিকেল অফিসার ডা: মো. ফরহাদ উদ্দিন ও পোহেলিকা বড়ুয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, ইপিআই টেকনিশিয়ান ফখরুল ইসলাম।এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্যানিটারী ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া।
এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের ডাক্তার,কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: মঈন উদ্দিন বলেন,একটি সুস্থ ও সবল জাতি গঠনের প্রধান ভিত্তি হলো সঠিক পুষ্টি।পুষ্টির বৈষম্য দূর করতে পারলে আমরা প্রকৃত অর্থেই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে সক্ষম হবো। তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা পৌঁছে দিতে এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে ডা. গোলাম মোস্তফা নাদিম জানান, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সুষম খাদ্য ও সঠিক পুষ্টিমান সম্পর্কে সচেতন করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন