ফুলপুরে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন ৩ জন আটক

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ওয়াজ মাহফিল শোনার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হওয়া এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

​নিহত বৃদ্ধের নাম সাম্মত আলী (৬৯)। তিনি ফুলপুর উপজেলার ৭ নম্বর রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০টার দিকে সাম্মত আলী নিজ বাড়ি থেকে গ্রামের মসজিদে ওয়াজ মাহফিল শোনার জন্য বের হয়ে নিখোঁজ হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরবর্তীতে আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে তার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বাড়ির পেছনের ডোবা ও জঙ্গলসংলগ্ন এলাকায় সাম্মত আলীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।

​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেওয়া হলে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে।

​প্রাথমিক তথ্যের বরাতে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিবেশী আজিজুল হক (পিতা- মৃত হইজুদ্দিন) গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে সাম্মত আলীর মামলা চলছিল। প্রায় এক সপ্তাহ আগে ওই মামলায় সাম্মত আলী ডিক্রি পান। নিহতের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধ ও মামলার জের ধরে প্রতিপক্ষ আজিজুল হক গং তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।

​ফুলপুর থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটন করা যায়নি। তবে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন