ফুলপুরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৫ আগস্ট ২০২৬ রাত ১১টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার একটি দল ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আশিকের বসতঘরে তল্লাশি চালানো হয়।

অভিযানে গুনধর রুদ্র পাল (৪৯)-এর দেহ তল্লাশি করে তার কোমর থেকে একটি শপিং ব্যাগে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা। একই সময় মো. আশিক (৩০)-এর বিছানার নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে আরও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক মো. সবুজ মিয়া (৩০) ৫০০ গ্রাম গাঁজার একটি প্যাকেট নিয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ফুলপুর থানা এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন