
বরগুনার পাথরঘাটায় বিয়ের আনুষ্ঠানিকতা করতে কনে দেখতে গিয়ে হবু স্ত্রীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে ওই যুবক ও তাঁর পরিবারের সদস্যরা বিয়ে ভেঙে দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী। এ ঘটনায় হবু বরসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ওই তরুণী।
রোববার (৮ নভেম্বর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করে পুলিশ ইনভেস্টিগেশন অফ ব্যুরো (পিবিআই) পটুয়াখালী অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত দিনের মধ্যে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার প্রধান আসামি মামুন (৩৫)। তিনি পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। অন্য আসামিরা হলেন মামুনের বাবা জয়নাল আবেদীন ও বড় ভাই জহির।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামুন ও ওই তরুণী পরস্পরের নিকটতম প্রতিবেশী। একপর্যায়ে মামুন তাঁকে প্রেমের প্রস্তাব দেন। প্রথমে রাজি না হলেও পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আলোচনা ও আনুষ্ঠানিকতা শুরু হয়।
অভিযোগে বলা হয়, গত ২০ অক্টোবর দুপুরে মামুন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কনে দেখতে তরুণীর বাড়িতে যান। এর আগে দুই বাড়িতেই গায়ে হলুদের অনুষ্ঠান হয়। দুপুরে খাওয়াদাওয়ার পর পরিবারের মুরব্বিরা কনের ঘরে কথাবার্তা বলছিলেন। এ সময় মামুন কৌশলে তরুণীকে নিজের ঘরে নিয়ে যান। বিকেল ৫টার দিকে তরুণীকে নিয়ে মামিনের খালি ঘরে নিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী তরুণীর ভাষ্য, ঘটনার সময় মামুন তাঁকে আশ্বস্ত করেছিলেন, রাতে তাঁদের বিয়ে হবে। শারিরীক সম্পর্ক করতে সমস্যা নেই। কনে রাজি না হলেও মামুন তাকে শারিরীক সম্পর্ক করতে বাধ্য করে।
এদিকে পরিবারের সদস্যরা তরুণীকে খুঁজতে গিয়ে মামুনের ঘরে পান। পরে বিষয়টি জানাজানি হলে মামুন ও তাঁর পরিবারের সদস্যরা উল্টো তাঁকে অপবাদ দিয়ে বিয়ে ভেঙে দেন।
তরুণী বলেন, তাঁদের বিয়ের প্রস্তুতি চলছিল। গায়ে হলুদের অনুষ্ঠানও হয়েছে। রাতে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মামুন তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তাঁর অভিযোগ, মামুনের বাবা ও বড় ভাইও তাঁকে অপবাদ দিয়ে বিয়ে ভেঙে দিতে সহযোগিতা করেছেন। এ ঘটনায় তিনি সামাজিকভাবে বিব্রত ও বিপর্যস্ত হয়ে পড়েছেন। এতদিন তরুণী অপেক্ষায় ছিল মামুন তাকে বিয়ে করবেন। কিন্তু মামুন আর বিয়ে করলো না।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান আসামি মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
