শুক্রবার,৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানিমুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন স্থানীয় গ্রাহকরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে শতাধিক গ্রাহক বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বাঘাইছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রায় দুই মাস ধরে বিকল থাকায় এলাকাবাসী বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।
তাদের আরও অভিযোগ, নতুন ট্রান্সফরমার সরবরাহের জন্য আবাসিক প্রকৌশলী ৮০ হাজার টাকা দাবি করেন। পরে এলাকাবাসী চাঁদা তুলে ২৫ হাজার টাকা দিলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু করা হয়নি। এ কারণে ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রতিবাদ জানান।
এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা আরও অভিযোগ করেন, আবাসিক প্রকৌশলী নিয়মিত অফিস করেন না, অনেক সময় ফোনও রিসিভ করেন না এবং মিটার রিডিং ছাড়াই বিদ্যুৎ বিল প্রস্তুত করা হয়, যার ফলে গ্রাহকরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে আবাসিক প্রকৌশলী শুগত চাকমা বলেন, “আমাদের জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। জেলা সদর থেকে নতুন ট্রান্সফরমার আনতে কিছু ব্যয় হয়। এছাড়া স্থানীয়দের মধ্যেও কিছু বিভাজন রয়েছে, যার কারণে সমস্যা সমাধানে জটিলতা তৈরি হয়েছে। তবে আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।”
বিক্ষোভের একপর্যায়ে আবাসিক প্রকৌশলী শুগত চাকমা আগামী তিন দিনের মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Coronavirus disease 2019

COVID-19 is a contagious disease caused by the coronavirus SARS-CoV-2.