বান্দরবানে সাংগ্রাইং উৎসবের জন্য রাজার মাঠ ব্যবহারের অনুমতি নাকচ

বান্দরবানে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও ঐতিহ্যবাহী উৎসব মাহ্যা সাংগ্রাইং পোভয়ে (সাংগ্রাইং উৎসব) উদযাপন উপলক্ষে রাজার মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করেছেন বোমাং সার্কেলের প্রধান বোমাং রাজা উচ প্রু।
জানা গেছে, আবেদনে ভূল থাকায় এবং কমিটির কার্যালয়ের অস্তিত্ব না থাকায় অনুমতি দেয়া হয়নি।
সাংগ্রাইং উৎসব কমিটির সভাপতি চনুমং মারমা স্বাক্ষরিত বোমাং সার্কেল প্রধানের নিকট দাখিল করা এক লিখিত আবেদনে আগামী ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী মারমা সম্প্রদায়সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসব উদযাপনের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
এ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নের জন্য বান্দরবান শহরের ঐতিহাসিক রাজার মাঠ ব্যবহারের অনুমতি চাওয়া হয়।
আবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে উৎসব উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে সাংগ্রাইং উৎসব উদযাপিত হয়ে আসছে। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।
তবে আবেদনের প্রেক্ষিতে বোমাং সার্কেলের প্রধান বোমাং রাজা উ চ প্রু নোট আকারে জানান, আবেদনপত্রে উৎসব উদ্‌যাপন পরিষদের অস্থায়ী কার্যালয় হিসেবে “পুরাতন রাজবাড়ী মাঠ” ব্যবহার করায় এবং সুনির্দিষ্ট অবস্থান স্পষ্ট নয়। এ কারণে ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত রাজার মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বোমাং রাজা।
এ বিষয়ে উৎসব উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন