রাজধানীর বাবুবাজার ব্রিজের গোড়ায় ভিক্টোরিয়া পার্কের সামনে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া রিকশাচালক মহারাজ (৬৫) চিকিৎসাধীন অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে মারা গেছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গতকাল ভিক্টোরিয়া পার্কের সামনে মহারাজকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ রয়েছে, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে কিছু খাইয়ে অচেতন করে তার রিকশাটি নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মহারাজের বাড়ি ঢাকার রামপুরা টিভি সেন্টারের পাশে টিসিবি রোড এলাকায়। তিনি অত্যন্ত দরিদ্র একজন রিকশাচালক ছিলেন এবং রিকশা চালিয়েই পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
মহারাজ তিন কন্যা সন্তান রেখে গেছেন। বড় মেয়ে সাজেদা (২০), মেজ মেয়ে আমেনা (১৩) এবং ছোট মেয়ে রাবেয়া (১১)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা এখন অসহায় অবস্থায় রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, তাদের থানা-পুলিশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা, মরদেহ গ্রহণ এবং দাফন-কাফনের খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য নেই। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযোগের তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।




