
বামনা উপজেলার বেবাজিয়াখালী গ্রামের জুলাই যোদ্ধা শহীদ মো. ইসহাক জমাদ্দারের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেওয়া হলেও পরিবারের লিখিত অসম্মতির কারণে তা স্থগিত রাখা হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে স্বৈরাচারবিরোধী বিজয় মিছিল চলাকালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বেবাজিয়াখালী গ্রামের মৃত আজিজ জমাদ্দারের ছেলে মো. ইসহাক জমাদ্দার। ঘটনার দীর্ঘ সময় পর বিজ্ঞ আদালতের নির্দেশে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (৪ আগস্ট) আদালত-নিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ, বামনা থানার এসআই মো. শহিদুল ইসলাম এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। তবে মরদেহ উত্তোলনের আগে শহীদ ইসহাক জমাদ্দারের ছেলে মো. সবুজসহ পরিবারের সদস্য ও স্বজনরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে মরদেহ উত্তোলনে অসম্মতি জানান।
পরিবারের আবেদনে উল্লেখ করা হয়, ধর্মীয় অনুভূতি, সামাজিক বাস্তবতা এবং দীর্ঘদিন পর কবর খনন করলে পরিবারের সদস্যদের মানসিক কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা মরদেহ উত্তোলনে সম্মতি দিচ্ছেন না।
পরিবারের লিখিত আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ উত্তোলনের কার্যক্রম আপাতত বন্ধ রাখেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন আলোচনা সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
