
টাঙ্গাইলের বাসাইলে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কৈচুরী তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— বাসাইল উপজেলার আইসড়া গ্রামের আমির হকের ছেলে ইয়াহিয়া ওরফে ইয়ামিন (২২) এবং লাল্টু সরকারের ছেলে আসলাম সরকার সানিম (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানার একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাকা রাস্তার ওপর থেকে ৪৪ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।




