মাগুরায় হামের প্রাদুর্ভাব রোধে এক উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে ড্রপ আউট, লেফট আউট এবং পজিটিভ কেস সনাক্তকরণের ক্রাস (CRAS) প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
রবিবার সকাল ৯টায় মাগুরা পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, উপপরিচালক (উপসচিব) ইমতিয়াজ হোসেন, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি ও মাগুরা পৌরসভার প্রশাসক এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, মাগুরার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল হাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন মোঃ শামীম কবির।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনোয়ার হোসেন খান বলেন, “বিগত ১৭ বছরে কথার ফুলঝুরি ছাড়া স্বাস্থ্য খাতে দৃশ্যমান বড় কোনো অগ্রগতি কেউ দেখেনি।” তিনি আরও বলেন, “আপনারা ভয় পাবেন না, আমাদের সরকার আপনাদের পাশে আছে।”
বক্তারা বলেন, বর্তমানে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে যারা টিকাদান কর্মসূচী থেকে বাদ পড়েছে (ড্রপ আউট ও লেফট আউট), তাদের দ্রুত সনাক্ত করে টিকার আওতায় আনতে হবে। পাশাপাশি পজিটিভ কেস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্মসূচীটি স্বাস্থ্য বিভাগ, মাগুরার আয়োজনে এবং মাগুরা পৌরসভার সহযোগিতায় বাস্তবায়িত হয়।




