
বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনঃস্থাপনের দাবিতে সোমবার (৫ অক্টোবর) সকালে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
অটোরিকশাচালকদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ না থাকায় তারা ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে পারছেন না। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের কর্মজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। গাড়ি চালাতে না পারায় আয়-রোজগারও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
বিক্ষোভকারীরা বলেন, দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
এদিকে, অটোরিকশাচালকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন। তাদের সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি আশপাশের সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।



