
নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন।
২২ নভেম্বর (রোববার) দিবাগত রাতে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকার প্রয়াত শেখ জিন্নাত আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিমানবন্দরে গ্রেপ্তারের পরপরই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নবাবগঞ্জের এই বাসিন্দা নব্বইয়ের দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম আলোচিত নাম ছিলেন। পরবর্তীতে চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও তার নাম ছিল। অতীতে কিছুদিন সুইডেনে অবস্থান শেষে দেশে ফেরার পর থেকেই অপরাধজগতে এবং জনমনে তার নামের আগে ‘সুইডেন’ যুক্ত হয়। তার গ্রেপ্তারের খবরে নিজ এলাকা নবাবগঞ্জেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




