দিনাজপুরের বিরল উপজেলায় বিবাহবিচ্ছেদের দুই মাসের মাথায় সাবেক স্ত্রীকে শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামী মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে মাহবুবুর রহমান শ্যামলীর বাবার বাড়িতে গিয়ে জোরপূর্বক প্রবেশ করেন। একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। আগুনে দগ্ধ হয়ে শ্যামলী চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তবে এর আগেই অভিযুক্ত মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় শ্যামলীকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটক মাহবুবুর রহমান রংপুর নগরীর লালবাগ এলাকার বাসিন্দা এবং মৃত সফিউদ্দীনের ছেলে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে দিনাজপুর শহর থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।




