
ভারতের বিহারের একটি মন্দিরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ভুয়া ও ভিত্তিহীন গুজবে আতঙ্ক ছড়িয়ে পদদলিত হয়ে অন্তত ৭ জন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন পুণ্যার্থী আহত হয়েছেন।
আজ সোমবার পূজা দিতে মন্দিরে বিপুলসংখ্যক পুণ্যার্থী জড়ো হলে ভোরে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবছর শ্রাবণ মাসের শেষ সোমবারে হয় এ পূজা।
ভারতের বিহারের লখিসরাই জেলার অশোকধাম শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের কাছের স্টেশনে পৌঁছায়। এতে মন্দির চত্বরে হঠাৎ করে ভিড় বেড়ে যায়।
এর মধ্যেই মন্দির চত্বরে একটি বিদ্যুতের তার বা খুঁটি পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অতিরিক্ত ভিড়ের মধ্যে একে অপরকে টপকে বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা তৈরি হয়। একপর্যায়ে অনেকে পড়ে গেলে তাদের ওপর দিয়ে অন্যরা চলে যাওয়ায় পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
তিনি বলেন, বিদ্যুতের একটি খুঁটি পড়ে যাওয়ার কারণে মন্দিরের ভেতরে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। এরপরই পদদলিত হওয়ার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আহত পুণ্যার্থীদের উদ্ধার করে লখিসরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।




