
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছে উপজেলা যুবদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
দুপুরে নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে শোডাউনটি বাগমারা বাজার প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। মোটরসাইকেল শোডাউনে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির মধ্য দিয়ে লকডাউনকে ঘিরে রাজপথে নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দেন তাঁরা।
শোডাউন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে নবাবগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক পবন মাহমুদ ও সদস্যসচিব রায়হানুল ইসলাম রাহিনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আউয়াল হোসেন, মুজাহিদ খান, আনোয়ার হোসেন, তুষার আহমেদ ও তারেক খানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁরা বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান তাঁরা।
পথসভায় নেতাকর্মীরা দলীয় ঐক্য ও সাংগঠনিক অবস্থান তুলে ধরেন। পরে পথসভার মধ্য দিয়ে নবাবগঞ্জ উপজেলা যুবদলের এ কর্মসূচি শেষ হয়।




