
চট্টগ্রামের বোয়ালখালীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে জেলি প্রয়োগকৃত ৮ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অনৈতিক উপায়ে এই চিংড়ি বিক্রির দায়ে এক বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর ২০২৬) বিকাল ৫ টায় উপজেলার শাকপুরা সাপ্তাহিক বাজারে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে জেলিযুক্ত অপভেজাল চিংড়ি বিক্রির অপরাধে মাহবুবুল আলম (৩৫) নামের এক বিক্রেতাকে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন, ২০২০-এর ৩১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত ৮ কেজি বাগদা চিংড়ি উপস্থিত জনসম্মুখে বিনষ্ট করা হয়।
বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশ সংরক্ষণ ও বাজারে নিরাপদ মৎস্য সরবরাহ সুনিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




