
ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছে। সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ শেষে অংশগ্রহণকারীদের হাতে ডিজিটাল ডিভাইস (ট্যাব) তুলে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণ বিকেলে ৪টা পর্যন্ত চলে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, বোরহানউদ্দিন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ সোহেল এবং সমাজসেবা অধিদপ্তর বোরহানউদ্দিনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কর্মসূচির প্রথম পর্যায়ে উপজেলার বড়মানিকা ইউনিয়ন থেকে ১ জন সুপারভাইজার ও ৪ জন তথ্য সংগ্রহকারী এবং কাচিয়া ও টবগী ইউনিয়ন থেকে ১ জন করে সুপারভাইজার ও ৪ জন করে তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করেন। মোট ৩ জন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী এই কারিগরি প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে দ্রুত ও নির্ভুলভাবে ডিজিটাল পদ্ধতিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য অংশগ্রহণকারীদের হাতে ট্যাব হস্তান্তর করা হয়। এর মাধ্যমে বোরহানউদ্দিনে প্রান্তিক পর্যায়ে ফ্যামিলি কার্ডের প্রকৃত সুবিধাভোগীদের তথ্য সংগ্রহের মূল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ত্বরান্বিত হলো।




