
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ভেড়ামারা থানাধীন মঠপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঠপাড়া এলাকায় অভিযান চালান।
অভিযানকালে মঠপাড়া সাকিনস্থ জনৈক মোঃ মনিরুজ্জামানের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ভেড়ামারা থানার মঠপাড়া এলাকার মৃত অবনি কুমার বিশ্বাসের ছেলে শিবু কুমার বিশ্বাস (৩০), বৃত্তিপাড়া এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ কাউছার আহমেদ (২১) এবং হিড়িমদিয়া এলাকার মোঃ জিয়ারুল রহমানের ছেলে মোঃ জিহাদ আলী (১৯)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।





