
কিশোরগঞ্জের ভৈরব শহরের টিনপট্টি এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকত (৪০) নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে আল আমিন সৈকতের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ভৈরব শহরজুড়ে আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়। টিনপট্টি এলাকাসহ বিভিন্ন স্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টিনপট্টি এলাকায় দুর্বৃত্তদের হামলায় আল আমিন সৈকত গুরুতর আহত হওয়ার পর ঢামেকে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
নিহতের স্বজন ও এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




