
মাগুরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইউটোপিয়া ক্যাডেট একাডেমি আয়োজিত ‘মেগা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা-২০২৬’। আজ সকালে একাডেমির নিজস্ব ক্যাম্পাসে ৩য় থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দুই শিফটে আয়োজিত এ পরীক্ষার প্রথম শিফট সকাল ১০টায় এবং দ্বিতীয় শিফট দুপুর ২টায় শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পরীক্ষা চলাকালে হলরুম পরিদর্শন করেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. আলফাজ উদ্দিন আহমেদ এবং মেন্টর ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান। তাঁরা পরীক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, মাগুরায় পূর্ণাঙ্গ ক্যাডেট ভর্তি কোচিং কার্যক্রমের পথিকৃৎ হিসেবে ইউটোপিয়া ক্যাডেট একাডেমি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে ইউটোপিয়া ক্যাডেট একাডেমির প্রধান পরিচালক মোঃ ইফতেখারুল ইসলাম পরীক্ষাটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সম্মানিত শিক্ষক, অভিভাবক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

