
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের সংবর্ধনা, যুব ঋণের চেক বিতরণ এবং আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের একটি আকর্ষণীয় প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ভবন হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মো. আবু সাঈদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, মাগুরা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কুতুবউদ্দিন কুতুব এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান।
এছাড়াও যুব সংগঠকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাবিনা ইয়াসমিন মেরী ও নাহিদুর রহমান দুর্জয় এবং চলমান প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন মুনসুর আলী।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে চারজন সফল যুব সংগঠক ও আত্মকর্মীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো, মহাইমিন আলম (পরিচালক, বড়খড়ি আবাবিল মাশরুম সেন্টার)—সফল আত্মকর্মী।মো. নাহিদুর রহমান (দুর্জয়) (সভাপতি, পরিবর্তনে আমরাই)—শ্রেষ্ঠ যুব সংগঠক। মো. মুজিবুর রহমান (সভাপতি, আলোকদিয়া গৃহগ্রাম যুব সংগঠন)।ছাবিনা ইয়াসমিন মেরি (পরিচালক, সেইভ দা উইমেন অ্যান্ড চিলড্রেন)।
পাশাপাশি, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তার অংশ হিসেবে চারজন যুবকের মাঝে মোট ৮ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। ঋণ গ্রহীতারা হলেন:ফিয়া নারী যুব উন্নয়ন সংগঠন (রায়পাশা, মহম্মদপুর, মাগুরা)।সোহাগ জোয়ার্দ্দার (মালন্দ, মাগুরা সদর)—১ লাখ টাকা যুব ঋণ।হাবিবুর হোসেন (ধনপাড়া, মাগুরা সদর)—৪ লাখ টাকা যুব উদ্যোক্তা ঋণ।মো. ফচিয়ার রহমান (মালন্দ, মাগুরা সদর)—১ লাখ ৩০ হাজার টাকা ইমপ্যাক্ট প্রকল্পের ঋণ।রাজু হোসেন (হাজরাহাটি, শালিখা, মাগুরা)—১ লাখ ৩০ হাজার টাকা ইমপ্যাক্ট প্রকল্পের ঋণ।
উল্লেখ্য, ১৯৯৫ সালের আগস্ট মাস থেকে মাগুরায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম শুরু হয়। এখানে যুবসমাজকে দক্ষ করে তুলতে গবাদিপশু, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও প্রাথমিক চিকিৎসা এবং কৃষি বিষয়ক আবাসিক প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন অনাবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়। অনাবাসিক ট্রেডগুলোর মধ্যে রয়েছে—পোশাক তৈরি, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, বিউটিফিকেশন, ব্লক প্রিন্টিং, মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, সোলার সিস্টেম, কবুতর পালন ও মধু আহরণ, কারচুপি, ব্লক-বাটিক, বাঁশ ও বেতের কাজ, ফুড প্রসেসিং, ইয়ুথ লিডারশিপ, ওয়েলডিং, হস্তশিল্প ও পাটজাত পণ্য এবং ডাটাবেজ ম্যানেজমেন্ট।





