পিরোজপুরের কাউখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সেবাগ্রহীতাদের সুবিধার্থে কার্যালয়ে ব্রেস্ট ফিডিং কর্নার এবং ভাতা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
কাউখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের জনবান্ধব উদ্যোগে সন্তুষ্ট সেবাগ্রহীতারা।
নবাগত উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন দায়িত্ব গ্রহণের পর জনসেবার মান উন্নয়ন, সেবা সহজীকরণ এবং জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এসব উদ্যোগ গ্রহণ করেন। তাঁর এ উদ্যোগ স্থানীয় জনগণ ও সেবাগ্রহীতাদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
ব্রেস্ট ফিডিং কর্নার চালুর ফলে শিশুদের নিয়ে কার্যালয়ে আগত মায়েরা এখন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে শিশুদের দুধ পান করাতে পারছেন। অন্যদিকে, ভাতা সহায়তা কেন্দ্র থেকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীরা প্রয়োজনীয় তথ্য, আবেদনসংক্রান্ত পরামর্শ এবং সেবা গ্রহণে সহজ সহায়তা পাচ্ছেন।
এছাড়া মাদকবিরোধী র্যালির মাধ্যমে যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
স্থানীয় সেবাগ্রহীতারা জানান, নতুন সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পর কার্যালয়ের সেবার মান ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজসেবা কার্যালয় সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হবে।।


