মাদারগঞ্জে ৩০ লাখ টাকা প্রতারণায় নারী গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার তথ্য গোপন করে জমি ও ফ্ল্যাট বিক্রির বায়না করে ৩০ লাখ টাকা প্রতারণার অভিযোগে লাকী বেগম (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, লাকী বেগম মাদারগঞ্জ পৌর শহরের উত্তর গাবেরগ্রাম এলাকার প্রয়াত লন্ডনপ্রবাসী রাশেদুল আবেদীন রাজুর পঞ্চম স্ত্রী। অভিযোগ রয়েছে, স্বামী অসুস্থ থাকাকালে তাঁর মালিকানাধীন বালিজুড়ী বাজারের আল তাসরিফ হাসপাতালসংলগ্ন লন্ডন প্লাজা ও বালিজুড়ী হাইস্কুল মোড়সংলগ্ন একটি ভবনের অংশবিশেষ নিজের নামে দলিল করে নেন লাকী বেগম।

রাজুর চতুর্থ স্ত্রীকে তালাক দেওয়ার পর তাঁদের এক নাবালিকা কন্যাসন্তান রয়েছে। ওই সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে লাকী বেগমের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। পরে আদালত সংশ্লিষ্ট জমি ও ফ্ল্যাট বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

অভিযোগ অনুযায়ী, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি গোপন রেখে ২ কোটি ৮০ লাখ টাকায় এক ব্যক্তির কাছে জমি ও ফ্ল্যাট বিক্রির বায়না করেন লাকী বেগম। এ সময় তিনি বায়না বাবদ ৩০ লাখ টাকা গ্রহণ করেন। বাকি টাকা সম্পত্তি নিবন্ধনের সময় দেওয়ার কথা ছিল।

সম্প্রতি দলিল নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রি কার্যালয়ে গেলে আদালতের নিষেধাজ্ঞার কারণে নিবন্ধন করা সম্ভব হয়নি। এরপর বায়নাকারী ব্যক্তি টাকা ফেরত চাইলে লাকী বেগম টালবাহানা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান।

পরে টাকা ফেরত না পেয়ে ওই ব্যক্তি আদালতে প্রতারণার মামলা করেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন