
নদী-খালসহ বিভিন্ন জলাশয়ে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ঝিনাইদহের শৈলকুপায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
শনিবার উপজেলার কুমার নদের দেবতলা ও দামুকদিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানকালে কুমার নদে অবৈধভাবে ব্যবহৃত চায়না দুয়ারী জালগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো কবিরপুর নতুন ব্রিজের পাশে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, চায়না দুয়ারী জাল অত্যন্ত সূক্ষ্ম ও ঘন হওয়ায় মাছের পাশাপাশি মাছের পোনা, বিভিন্ন জলজ প্রাণী এবং জলজ পরিবেশের অন্যান্য ক্ষুদ্র প্রাণীও এতে আটকা পড়ে। ফলে এ ধরনের জালের ব্যবহার নদী ও জলাশয়ের স্বাভাবিক খাদ্যশৃঙ্খল এবং মাছের প্রজনন ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রজনন মৌসুমে নির্বিচারে এ জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, “চায়না দুয়ারী জাল মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও মাছের পোনা ধ্বংস করছে।
মৎস্যসম্পদ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সংশ্লিষ্টরা বলছেন, নদী-খাল ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি।
শুধু জাল জব্দ ও ধ্বংস নয়, এর সঙ্গে জড়িত ব্যবহারকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়ানো গেলে মৎস্যসম্পদ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।





