রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এ অভিযানটি পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোঃ নুর কবির (৩২), পিতা-মৃত জামাল হোসেন, পশ্চিম মুসলিম ব্লক এলাকায় অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। এর প্রেক্ষিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে লুঙ্গির গিটের মধ্যে পলিথিনে মোড়ানো ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (রেডমি নোট-৯), একটি বাটন ফোন (জিডিএল), একটি চার্জার এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ হাজার ৫০০ টাকা।
জানা গেছে, আটককৃত যুবক স্থানীয় পৌর যুবদলের সদস্য এবং সাবেক এক উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর।
আটককৃত আসামিকে জব্দকৃত মালামালসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, চোরাকারবারীরা বিভিন্ন নতুন কৌশল অবলম্বন করলেও তা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




