রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শিশুদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলমান রয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে প্রতিদিন নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী শিশুদের টিকা প্রদান করা হচ্ছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, টিকা কার্যক্রমের জন্য দৈনিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে ২০ এপ্রিল ২০২৬ তারিখে টিকাদান কার্যক্রমে লক্ষ্যমাত্রা ছিল ১,৩৫৭ জন। এর মধ্যে টিকা প্রদান করা হয়েছে ১,৩৫৫ জনকে, যা অর্জনের হার ৯৯.৭৮ শতাংশ।
প্রথম দিনে উপজেলার চারটি ইউনিয়নে মোট ১২টি কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়। এ কার্যক্রমে স্বাস্থ্য সহকারী, এফডব্লিউএ (FWA), সহকারী স্বাস্থ্য পরিদর্শক, এফপিআই (FPI) এবং ফিল্ড পর্যায়ের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
জানা গেছে, আগামী ১০ মে পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলমান থাকবে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২০ হাজার ২৬৪ জন শিশুকে টিকা দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, ইপিআই ব্লক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে এ টিকা প্রদান করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনতে স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন বলেন, আমরা যথাসাধ্য প্রচার-প্রচারণা চালিয়েছি। স্বাস্থ্য সহকারী, এফডব্লিউএ (FWA), সহকারী স্বাস্থ্য পরিদর্শক, এফপিআই (FPI) এবং ফিল্ড পর্যায়ের অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার ফলে আমরা প্রথম দিনেই ৯৯.৭৮ শতাংশ শিশুকে টিকা দিতে সক্ষম হয়েছি।




