
রাজশাহীতে পৌঁছেই ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে ১২ কোটি টাকা সরকারি প্রণোদনা বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় মঞ্চে বসে ল্যাপটপের বাটন চেপে তিনি এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় কৃষকদের ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ পাঠানো হয়। অর্থ জমা হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকেরা মোবাইল ফোনে এসএমএস পান।
জনসভার প্রথম পর্বে আখচাষিদের জন্য প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে মোট ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হলো। পরে ১৫টি মিল জোনের ১৫ জন কৃষকের হাতে প্রতীকী চেক তুলে দেন তিনি।
প্রণোদনা বিতরণ কার্যক্রমের প্রথম পর্ব শেষে জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দলীয় সংসদ সদস্য ও নেতারা বক্তব্য দেন।
এর আগে মঙ্গলবার বেলা ৩টার কিছু আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী সামরিক বিমানটি রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন।
এ দিন সকালে প্রধানমন্ত্রী প্রথমে রংপুর সফর করেন। পরে সেখান থেকে রাজশাহীতে পৌঁছান। রাজশিয়ার কর্মসূচি শেষে বিকেলেই তাঁর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে চট্টগ্রামের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
আখচাষিদের মাঝে এ প্রণোদনা বিতরণকে কৃষি খাতের সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর মাধ্যমে তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।





