রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ জনই পেলেন গোল্ডেন জিপিএ-৫

এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষাবোর্ডে যখন পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় নিম্নমুখী প্রবণতা দেখা গেছে, তখনও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এবারের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে অংশ নেওয়া ৪৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছেন। ফলে শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় কলেজের ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।

অধ্যক্ষ বলেন, ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। এখানে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয় না; বরং ক্যাডেটদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং খেলাধুলার চর্চা করানো হয়। পাশাপাশি সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণেরও ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ক্যাডেট কলেজগুলো ক্যাডেটদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে রাজশাহী ক্যাডেট কলেজ সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছে।

উল্লেখ্য, রাজশাহী শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। এমন ফলাফলের মধ্যে রাজশাহী ক্যাডেট কলেজের শতভাগ পাস ও শতভাগ জিপিএ-৫ অর্জন বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন