
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে প্রতারণার মাধ্যমে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকে নিয়ে অর্থ হাতিয়ে নেয়া চক্রের সাত সদস্যকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এই অভিযান চালায় এসআরবি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
এসআরবি-৫ এর সদস্য মেজর কবির বলেন, একটি চক্র হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতারণার মাধ্যমে ডায়াগনস্টিক ও ক্লিনিককে নিয়ে বিভিন্ন টেস্টের নামে অর্থ হাতিয়ে নেয়া হয়। এরই প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কেউ যদি এমনটা করে তবে এসআরবিকে জানানোর অনুরোধ করা হচ্ছে।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার বলেন, উত্তরাঞ্চলের পাশাপাশি দক্ষিণ অঞ্চলেরও অনেক রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালে আসা রোগীদেরকে ডায়াগনস্টিক বা ক্লিনিকে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছে একটি দালাল চক্র। এই চক্রের সাত জনকে করা হয়েছে এবং নির্ধারিত দন্ডবিধি অনুসারে এদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হলো।





