
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফকে নিয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় সিংড়ার ভোগা মায়ের বাজারে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের (SSPC) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রামানন্দ খাজুরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আরিফুল ইসলাম আরিফ—সিংড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক সাংগঠনিক ১২ নম্বর রামানন্দ-খাজুরা ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি—সাংবাদিকদের মুখোমুখি হন।
অনুষ্ঠানে তিনি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা নিশ্চিতকরণ, মাদক ও জুয়া প্রতিরোধ, রাস্তাঘাটের উন্নয়ন এবং বাল্যবিবাহ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে তাঁর পরিকল্পনা তুলে ধরেন।
আরিফুল ইসলাম আরিফ বলেন, “রামানন্দ খাজুরা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা হবে এবং বাল্যবিবাহ বন্ধে সামাজিকভাবে সচেতনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, ইউনিয়নের সাধারণ মানুষ যাতে সহজে নাগরিক সেবা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। জনগণের সঙ্গে সমন্বয় করে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের উন্নয়ন ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা, জনসম্পৃক্ততা, নাগরিক অধিকার এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে তাঁদের প্রত্যাশা ও অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরার উদ্যোগের কথা জানানো হয়।
অনুষ্ঠানটি সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ‘সিংড়া নিউজ’ ও বাদল মিডিয়া জোন ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এতে রামানন্দ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সম্ভাব্য প্রার্থীর বক্তব্য ও পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশার বিষয়টিও গুরুত্ব পায়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন। উপস্থাপনা করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সহ-সভাপতি বাবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক বাদল এবং প্রেস ক্লাবের সংবাদকর্মী আশরাফুল ইসলাম ও ফয়সাল আহমেদ জনি।
আয়োজকরা জানান, ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সরাসরি জনগণের মুখোমুখি করার পাশাপাশি তাঁদের উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা, অঙ্গীকার ও জনসম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরা হবে।
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন জানান, পর্যায়ক্রমে সিংড়া পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ আয়োজন করা হবে। এর মাধ্যমে বিভিন্ন এলাকার সম্ভাব্য জনপ্রতিনিধি প্রার্থীদের সঙ্গে জনগণের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে এবং তাঁদের পরিকল্পনা ও অঙ্গীকার সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
আয়োজকরা আরও জানান, কোনো প্রার্থীকে বিশেষভাবে প্রচার না করে সমান সুযোগ ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হবে।
‘সত্যের পথে সাংবাদিকতার শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নির্বাচনী পরিবেশে জনগণের মতামত ও সম্ভাব্য প্রার্থীদের বক্তব্য তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব।





