
রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) জাতীয় নগর নীতি, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগর ভবনের সিটি হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।
দুই দিনব্যাপী এ কর্মশালায় জাতীয় নগর নীতি ২০২৫, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা, নগর সেবা প্রদানে জনগণের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা এবং বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা ও ধারণা প্রদান করা হচ্ছে। কর্মশালার প্রথম দিনে নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণমূলক পদ্ধতি, নগর সেবায় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি এবং নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশার আলোকে অন্তর্ভুক্তিমূলক নগর সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি প্রফেসর জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।





