সর্বজিৎ চাকমা
রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত কিশোর দুর্জয় দাশ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল দুর্ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রিজার্ভ বাজার এলাকায় বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে দুর্জয় দাশ গুরুতরভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্জয় দাশের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাজার এলাকায় বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, দুর্ঘটনার আগে স্বরস্বতী পূজার সময় তোলা দুর্জয় দাশের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই শোক ও সমবেদনা জানাচ্ছেন।




