
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সড়ক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলার একটি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, নাসিরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দেশীয় মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ, অবৈধভাবে মাছ ধরা বন্ধ এবং জলাশয়ের পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন বক্তারা।
বক্তারা আরও বলেন, মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব। তাই “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যজীবী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষপর্বে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে অবদানের জন্য সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





