লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ ৩ জনের প্রাণ ঝরল, আহত বহু

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে ছয় বছরের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বেপরোয়া গতি ও সড়কের অবস্থার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত শিশুটির নাম বাবুল হোসেন (৬)। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাঁদের দুজনের পরিচয় জানা যায়নি।

আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং পাঁচজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুর রহমান, রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহনের একটি বাস ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে চৌমুহনী বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসে। চরমচামিতা বাজার এলাকায় পৌঁছালে বাসটি একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাবুল মিয়া ও অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। এ সময় অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরুপ পাল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন