বান্দরবানের লামায় পর্যটন শিল্পের বিকাশ ও পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।৭মে(বৃহস্পতিবার)সকাল ১০ টায় লামা থানা পুলিশের আয়োজনে থানা মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান।
প্রধান অতিথি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পর্যটন ও নিরাপত্তার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “পর্যটন নগরী বান্দরবানের অন্যতম প্রবেশদ্বার লামা এখানে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে স্থানীয় অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব।”
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সর্দার।বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র আমির হোসেন।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া।লামা রিসোর্ট মালিক সমিতির আহবায়ক দেলোয়ার হোসেন রফিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা লামার পর্যটন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি স্থানীয় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনার শেষে দুপুর ১২টায় সময় এক মানবিক উদ্যোগের প্রতিফলন ঘটে। গত এক মাসে লামা থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ১৫টি দামী মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়।
পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান নিজ হাতে ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন। হারানো ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মালিকরা। তারা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোবাইল হস্তান্তরকালে পুলিশ সুপার জানান, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পুলিশের তৎপরতায় এই মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এবং সাধারণ মানুষের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।




