লালমনিরহাটে যাত্রা শুরু করল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।
শনিবার ১৮ এপ্রিল সকালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি সাজ্জাদ হোসেন।
এ সময় তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতেও সহায়ক। তিনি আরও বলেন, জেলা পর্যায়ে এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হলে এখান থেকেই ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা আরও বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রিকেট কোচ জিকরুল ইসলাম ফাতেমী ও সহকারী কোচ যাকব রায়, জেলা ফুটবল কোচ আবুল কালাম আজাদ বকুল, তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার ও কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক রশিদুল হক প্রামানিক। তারা সবাই এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
টুর্নামেন্টটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থা, লালমনিরহাটের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত এ টুর্নামেন্ট চলবে।
এবারের আসরে অংশ নিচ্ছে চারটি দল- কালেক্টরেট কলেজিয়েট স্কুল, চার্চ অব গড উচ্চ বিদ্যালয়, ফাকল পুলিশ লাইনস স্কুল ও তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কালেক্টরেট কলেজিয়েট স্কুল ও তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়। উদ্বোধনী খেলায় দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা আশা করছেন, এ টুর্নামেন্টের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার বিকাশ ঘটবে।



