লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে গংগারহাট বিওপির টহলদল কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বিদ্যাবাগিস সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানাযায় , রাতে বিদ্যাবাগিস সীমান্ত দিয়ে ভারত থেকে এক ব্যক্তিকে বাংলাদেশ অভিমুখে আসতে দেখে বিজিবির টহলদল চ্যালেঞ্জ ও ধাওয়া করে। এ সময় চোরাকারবারি সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ঘাসের ভেতর বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২১ লাখ টাকা।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




