
শারদীয় দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ের ৪৭৮টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধেও নজরদারি চালাবে বাহিনীটি। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ফাড়াবাড়ি সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান এসআরবি-১৩-এর সিপিসি-১ দিনাজপুরের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
মেজর কাওসার বাঁধন জানান, রংপুর বিভাগে এসআরবি-১৩-এর আওতাধীন এলাকায় এবার মোট ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় রয়েছে ৪৭৮টি মণ্ডপ। পূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি, প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
তিনি আরও জানান, প্রতিমা বিসর্জনের দিন বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। কোনো পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি কিংবা নাশকতার চেষ্টা হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালাবে। যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।
এসআরবি-১৩ জানিয়েছে, আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম জোরদার থাকবে। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে কাজ করছে বাহিনীটি।





