
শার্শায় পুলিশের চলমান অভিযানে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য মামলায় সাবেক দুই ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা ব্যক্তিরা হলেন, পাড়িয়ার ঘোপ গ্রামের খোরশেদ আলম (৫০), রাড়িপুকুর গ্রামের শেখ নাজমুল হাসান (৫১), গোপালপুর গ্রামের ইমানুর রহমান (৫৩) এবং আমলাই গ্রামের আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২ মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ১০ মিনিটে নিজ বাড়ি থেকে এবং সাবেক ইউপি সদস্য শেখ নাজমুল হাসানকে একই দিন রাত ১১টা ১৫ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মো. ইমানুর রহমানকে ২৭ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিটে এবং আবু বকর সিদ্দিক ওরফে হৃদয়কে রাত ১টা ২০ মিনিটে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান কঠোরভাবে অব্যাহত রয়েছে। শার্শার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আটক চার আসামিকে ২৭ সেপ্টেম্বর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।





