শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, দেশের জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত শ্রেণিকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি এই তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই দেড় শতাংশের বেশি যায়নি, দক্ষ মানবপুঁজি তৈরি করতেই শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। প্রাথমিক পর্যায়ে শিক্ষা নিশ্চিতের সঙ্গে সঙ্গেও দক্ষতাও বৃদ্ধি প্রয়োজন। ডিজিটাল ক্লাসরুমের ব্যাপারে বিগত সরকার ব্যর্থ ছিল, জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব ছিল। এ সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম করার দিকে এগোচ্ছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রাথমিক পর্যায়ে থেকেই শিক্ষা নিশ্চিতের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল ও ক্রিয়াশীল ক্লাসরুম গড়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। শহর ও গ্রামের শিক্ষা ব্যবস্থার মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে আনতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিক মান আছে এমন তৃতীয় ভাষা অন্তর্ভুক্তির কথাও জানান তিনি।




