
জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সময়ানুবর্তিতা, নির্ভুলতা ও সেবার মান নিশ্চিত করার মাধ্যমে এই স্বীকৃতি অর্জন করায় রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। একইসঙ্গে এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য রাজশাহী মহানগরবাসীর প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা। আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সেবা সুনিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এই স্বীকৃতি প্রাপ্তি আমাদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”



