শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন কৃষক আহত হয়েছেন। শনিবার (দুপুর ১২টার দিকে) উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খড়িবাড়িয়া গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০) এবং একই এলাকার প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময় পাশের জমিতে কাজ করছিলেন অপু বিশ্বাসসহ আরও কয়েকজন কৃষক। হঠাৎ করে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সমির বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে সমির ও অপু মারা যান। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন