বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

‎শ্যামনগরে বিএনপির আহবায়ক কমিটি নিয়ে বিতর্ক, সংশোধনের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

‎সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। গত ২৬ জুলাই ঘোষিত এই কমিটিতে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন এমন কিছু বিতর্কিত ব্যক্তির অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে।
‎এই প্রেক্ষাপটে আজ বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ।
‎সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা বেলালী টুটুল, সাবেক জাসাস সভাপতি ও বিএনপি নেতা আব্দুল ওহাব, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি ও কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, শ্যামনগর উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব মোঃ রাইহানুল ইসলাম সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, নবগঠিত আহবায়ক কমিটিতে এমন কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের অতীত রাজনৈতিক ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এতে করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন বলে তারা অভিযোগ করেন।
‎বক্তারা আরও বলেন, দলের দুর্দিনে যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কমিটি পুনর্বিবেচনা ও সংশোধনের দাবি জানান।
‎এসময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা জরুরি।
‎সভা শেষে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন