
“শিক্ষা দক্ষতায় সচেতন কিশোরী, সুরক্ষিত আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির আয়োজনে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সহায়তা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুজ্জামান, কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, গবরীকুড়া মেঘনা সিবিও’র সভাপতি শাহানা ইয়াসমিন এবং সীডস কর্মসূচির শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর আশার আলো সিবিও’র সভাপতি সুবেদা বেগম। সমাবেশে শ্রীবরদী উপজেলার বিভিন্ন সংলাপ কেন্দ্রের কিশোরীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে কিশোরীদের শিক্ষা, দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি, সচেতনতা এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কিশোরীদের নিয়মিত শিক্ষা গ্রহণের পাশাপাশি জীবনদক্ষতা অর্জন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



