
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয়ে বান্দরবানের লামায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নবজাগরণ ফাউন্ডেশন।
লামা পৌরসভা, লামা সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার রাস্তার পাশে খালি জায়গায় গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সবুজায়নের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং সামাজিক দায়বদ্ধতা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান আয়োজকরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা ইমরান হোসেন মজুমদারসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। তারা বিভিন্ন স্থানে চারা রোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা ইমরান হোসেন মজুমদার বলেন, “গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার একটি উদ্যোগ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার দায়িত্বও। আমরা বিশ্বাস করি, সম্মিলিতভাবে ছোট ছোট উদ্যোগ গ্রহণের মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি বলেন, তরুণ সমাজই পারে সমাজের ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে। তরুণদের যদি পরিবেশ, মানবিকতা ও সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করা যায়, তাহলে লামাকে আরও সুন্দর, সবুজ ও বাসযোগ্য এলাকায় পরিণত করা সম্ভব।
আয়োজকরা জানান, লামা সদর ও পৌরসভাসহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। শুধু চারা রোপণ নয়, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
স্থানীয়দের মতে, রাস্তার পাশে ও বিভিন্ন খালি জায়গায় পরিকল্পিতভাবে গাছ লাগানোর এমন উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।




