হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত এ অভিযানে ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম এলাকায় অভিযান শুরু করে।
অভিযানকারী দল সীমান্ত পিলার-১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ি ও ঘন জঙ্গলে তল্লাশি চালায়। দীর্ঘ সময় তল্লাশির একপর্যায়ে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা অবস্থায় একটি অস্ত্রের চালান শনাক্ত করা হয়। পরে সেখান থেকে ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবির ধারণা, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা দুর্গম পাহাড়ি এলাকায় এসব অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রাখতে পারে। তবে উদ্ধার করা অস্ত্রের মালিকানা এবং কোথা থেকে এগুলো আনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৫৫ বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়ায় থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। পাশাপাশি অস্ত্রগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা আরও জোরদার করা হবে।
এদিকে, গত তিন মাসে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকায় ৫৫ বিজিবির ধারাবাহিক অভিযানে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২ হাজার ৫৮৫টি ইয়াবা, ৫৯ বোতল মদ ও ২১টি গরু আটক করা হয়েছে। এসব অভিযানের ধারাবাহিকতায় এবার সাতছড়ির গভীর জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় নিরাপত্তা তৎপরতা আরও জোরদার হয়েছে।




